# মেথড এবং প্রোপার্টি

## প্রোপার্টি

কোন ফিচার বা বৈশিষ্ট্য বোঝাতে আমরা প্রোপার্টি ব্যবহার করতে পারি । যেমন: একজন মানুষের উচ্চতা বোঝানোর জন্য আমরা `Person` ক্লাস এ `height` নামে একটি প্রোপার্টি তৈরি করতে পারি ।

প্রোপার্টি গুলোকে সচরাচর ফিল্ড বা এ্যাট্রিবিউট নামেও ডাকা হয় । প্রোপার্টি ডিফাইন করা খুবই সহজ, প্রথমে ভিজিবিলিটি কিওয়ার্ড (`public`, `protected` কিংবা `private`) এর যে কোন একটি লিখতে হবে এবং তারপর আমরা যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেভাবেই আমাদের প্রোপার্টি ডিফাইন করবো । ভিজিবিলিটি নিয়ে আমরা পরবর্তীতে কোন চ্যাপ্টারে আলোকপাত করবো । আসুন আমরা দেখে নেই প্রোপার্টি কিভাবে ব্যবহার করা যায়:

```php
<?php

class Person
{
    public $age;
}


$person = new Person();
$person->age = 32;

$anotherPerson = new Person();
$anotherPerson->age = 45;

var_dump($person->age);
var_dump($anotherPerson->age);
```

এখানে আমরা `age` নামে একটি প্রোপার্টি ডিফাইন করলাম । পরবর্তীতে ঐ ক্লাসের দুটো ইনস্ট্যান্স তৈরি করে নিলাম এবং তাদের বয়স সেট করে দিলাম । লক্ষ্য করুন, কোন অবজেক্ট ইনস্ট্যান্স থেকে তার প্রোপার্টি এ্যাক্সেস করার জন্য আমরা `->` সিম্বলটি ব্যবহার করছি । এবং যখন প্রোপার্টি এ্যাক্সেস করছি তখন প্রোপার্টির নামের আগে ভ্যারিয়েবল সাইন নেই । অর্থাৎ, `$person->$age` নয়, বরং `$person->age` এর মাধ্যমে আমরা `age` প্রোপার্টি এ্যাক্সেস করতে পারি ।

এই অপারেটর (`->`) টি অবজেক্ট অপারেটর নামে পরিচিত।

যদি আমরা প্রোপার্টির নামের আগে ভ্যারিয়েবল সাইন ব্যবহার করে এ্যাক্সেস করি তখন সেটি ভ্যারিয়েবল ভ্যারিয়েবল এর মত করে কাজ করবে । প্রথমে `$age` এর ভ্যালু বের করে নিয়ে এরপর `$person->(value of $age)` এভাবে কল করা হবে । এভাবে আমরা একটি অবজেক্ট ইন্সট্যান্স থেকে ডাইনামিক্যালি তার প্রোপার্টি এ্যাক্সেস করতে পারি ।

আমরা চাইলে প্রোপার্টির একটি ইনিশিয়াল ভ্যালুও দিয়ে দিতে পারি । তবে এই ইনিশিয়াল ভ্যালু অবশ্যই কন্সট্যান্সট এক্সপ্রেশন হতে হবে (অর্থাৎ কোন ভ্যারিয়েবল বা ফাংশন ব্যবহার করা চলবে না) । যে কোন ফিক্সড ভ্যালু (যেমন: স্ট্রিং বা ইন্টিজার) কিংবা কোন কনস্ট্যান্ট ব্যবহার করা যেতে পারে ।

```php
<?php
class Person
{
    public $name = "masnun";
}
```

এটাকে প্রোপার্টি ইনিশিয়ালাইজেশন বলা হয় ।

## মেথড

কোন কাজ করার জন্য আমরা মেথড ব্যবহার করি । মেথড আসলে ফাংশন যেটা ক্লাসের ভিতরে থাকে এবং ঐ ক্লাসের সকল প্রোপার্টি এবং মেথড এ্যাক্সেস করতে পারে ।

মেথড এর একটা উদাহরন দেখি:

```php
<?php

class Person
{
    public $age;

    public function getAge()
    {
        return $this->age;
    }
}


$person = new Person();
$person->age = 32;

$anotherPerson = new Person();
$anotherPerson->age = 45;

var_dump($person->getAge());
var_dump($anotherPerson->getAge());
```

এখানে আমরা `getAge()` নামে একটি মেথড ডিফাইন করেছি যেটার কাজই হচ্ছে ঐ অবজেক্ট ইন্সট্যান্স এর `age` প্রোপার্টির ভ্যালু রিটার্ন করা ।

আমরা দেখলাম `$this` এই ভ্যারিয়েবলটির মাধ্যমে আমরা ঐ অবজেক্ট ইনস্ট্যান্সটি এ্যাক্সেস করেছি । এটি সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো "স্ট্যাটিক ও নন-স্ট্যাটিক কনটেক্সট" সেকশনে । আপাতত আমাদের মনে রাখতে হবে `$this` ভ্যারিয়েবলটি যে ক্লাসে ব্যবহার করা হয়, এটি তার প্রত্যেকটি ইনস্ট্যান্সে নিজ নিজ ইনস্ট্যান্স কে পয়েন্ট করে ।


---

# Agent Instructions: Querying This Documentation

If you need additional information that is not directly available in this page, you can query the documentation dynamically by asking a question.

Perform an HTTP GET request on the current page URL with the `ask` query parameter:

```
GET https://php.howtocode.dev/oop/oop-method-and-property.md?ask=<question>
```

The question should be specific, self-contained, and written in natural language.
The response will contain a direct answer to the question and relevant excerpts and sources from the documentation.

Use this mechanism when the answer is not explicitly present in the current page, you need clarification or additional context, or you want to retrieve related documentation sections.
