# ভ্যারিয়েবল ও ডাটা টাইপস

## ভ্যারিয়েবল

প্রোগ্রামিং করতে গেলে প্রায়শই আমাদের বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংরক্ষণ করা লাগে । এই তথ্যগুলো আমরা কম্পিউটারের মেমোরীতে সংরক্ষন করে থাকি । ভ্যারিয়েবল হলো কম্পিউটার এর মেমোরীতে থাকা ছোট ছোট ব্লক যেখানে আমরা আমাদের প্রয়োজনমত ডাটা রাখতে পারি । এই মেমোরী ব্লকগুলোতে সংরক্ষিত ডাটা পরে এ্যাক্সেস করার জন্য আমরা আমাদের সুবিধামত নাম দিয়ে দেই । পিএইচপিতে ভ্যারিয়েবল তৈরি করা খুবই সহজ । সব ভ্যারিয়েবলই শুরু হবে ডলার সাইন (`$`) দিয়ে, ডলার সাইনের পরপরই ভ্যারিয়েবল এর নাম । এরপর ইকুয়াল সাইন (`=`) এর পর ঐ ভ্যারিয়েবল এর ভ্যালু ।

যেমন:

```php
<?php 
$name = "Abu Ashraf Masnun";
```

এখানে আমরা একটি ভ্যারিয়েবল তৈরি করলাম `$name` । ভ্যারিয়েবল এর নাম অবশ্যই আন্ডারস্কোর অথবা কোন এ্যালফাবেট দিয়ে শুরু হতে হবে । নামের শুরুতেই সংখ্যা ব্যবহার করা যাবে না । নামটি কেইস সেনসিটিভ । অর্থাৎ `$name` আর `$Name` সম্পূর্ণ আলাদা ভ্যারিয়েবল নাম ।

## ডাটা টাইপ

আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ডাটা নানা ধরনের হয়ে থাকে । কোনটা টেক্সট, কোনটা সংখ্যা, সংখ্যার ভিতরে আবার কোনটা পূর্ণ সংখ্যা, কোনটা ভগ্নাংশ - এই সব ডাটার একেকটা কম্পিউটার একেক ভাবে সংরক্ষণ করে । এখান থেকেই মূলত ডাটা টাইপ কনসেপ্ট এর উৎপত্তি ।

পিএইচপিতে আমরা কোন ভ্যারিয়েবল এর টাইপ জানতে `gettype()` ফাংশনটি ব্যবহার করতে পারি । যেমন:

```php
<?php
$age = 23; 
echo gettype($age); // integer
```

পিএইচপি তে বহুল ব্যবহৃত ডাটা টাইপ গুলো হলো:

#### বুলিয়ান

বুলিয়ান টাইপ ব্যবহার করে আমরা কোন কিছু সত্য না মিথ্যা তা প্রকাশ করে থাকি । আরেকটু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখবো যখন কোন ভ্যারিয়েবল ঠিক বিপরীতধর্মী দুইটা ভ্যালুর যে কোন একটা গ্রহন করে তখন আমরা সেটাকে সচারচর বুলিয়ান টাইপ দিয়ে প্রকাশ করি ।

পিএইচপিতে বুলিয়ান টাইপের ভ্যালু হতে পারে `TRUE` অথবা `FALSE` ।

উদাহরণ:

```php
<?php

$isMarried = FALSE; 
$isAlive = TRUE;
```

#### ইন্টিজারস

ইন্টিজার ব্যবহার করি আমরা পূর্ণ সংখ্যা প্রকাশ করার জন্য । এই পূর্ণ সংখ্যা ধনাত্বক বা ঋণাত্বক হতে পারে । যেমন: কারো বয়স ।

```php
<?php

$age = 75;
```

লক্ষ্যনীয় যে ইন্টিজার ডেসিম্যাল, অক্টাল, হেক্সাডেসিম্যাল কিংবা বাইনারি ফরমাটেও প্রকাশ করা যায়:

```php
<?php
$a = 1234; // ডেসিম্যাল
$a = -123; // ঋণাত্বক
$a = 0123; // অক্টাল, ডেসিম্যালে কনভার্ট করলে পাবো ৮৩
$a = 0x1A; // হেক্সাডেসিম্যাল, ডেসিম্যালে মান হবে ২৬ 
$a = 0b11111111; // বাইনারী, ডেসিম্যালে মান হবে ২৫৫
```

(উদাহরণটি পিএইচপি ম্যানুয়াল থেকে নেওয়া, কমেন্ট বাংলায় অনুবাদ করা)

#### ফ্লোটিং পয়েন্ট বা ডাবল

ভগ্নাংশ কিংবা দশমিক সংখ্যা প্রকাশ করার জন্য আমরা ফ্লোটিং পয়েন্ট টাইপ ব্যবহার করি । এটাকে ডাবল কিংবা রিয়াল নাম্বার ও বলা হয় ।

```php
<?php

$temperature = 30.45;
```

#### স্ট্রিংস

স্ট্রিংস হলো অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি । পিএইচপিতে এখনো ইউনিকোড এর সাপোর্ট আসে নি । স্ট্রিং ভ্যারিয়েবল তৈরি করতে হলে সাধারনত ডাবল কিংবা সিঙ্গল কোট ব্যবহার করা হয় ।

```php
<?php
$name = "The Doctor";
$planet = 'Gallifrey';
```

এছাড়াও `heredoc` ফরম্যাটেও স্ট্রিং তৈরি করা যায়:

```php
<?php

$doc = <<<DOC
Hello world!
DOC;
```

এখানে, আমরা প্রথমে `<<<` এবং পরপরই একটি আইডেন্টিফায়ার (আমাদের এক্ষেত্রে `DOC` ) ব্যবহার করি । এরপর একটি লাইন ব্রেক দিয়ে আমাদের স্ট্রিং লেখা হয় । ব্লক শেষ করার জন্য উপরোক্ট আইডেন্টিফায়ার টি নতুন লাইনে আবার লিখে সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করা হয় । মনে রাখতে হবে শেষ লাইনে আইডেন্টিফায়ার এর আগে বা পরে কোন স্পেইস বা অন্য কোন ক্যারেক্টার ব্যবহার করা যাবে না ।

#### এ্যারে

এ্যারে হলো একটি তালিকা । যেখানে একটি ইনডেক্স এর বিপরীতে আমরা একটি ভ্যালু সংরক্ষণ করি । এ্যারে তৈরি করার জন্য আমরা বিল্ট ইন `array` কন্সট্র্যাক্ট ব্যবহার করি । ইনডেক্স এর বিপরীতে ভ্যালু ডিফাইন করার জন্য আমরা `=>` সিম্বল ব্যবহার করি ।

```php
<?php
$array = array(
    "foo" => "bar",
    "bar" => "foo",
);
```

এখানে `$array` একটি এ্যারে যার `foo` ইনডেক্স বা কি এর ভ্যালু `bar` এবং `bar` এর ভ্যালু `foo` । উদাহরণটি পিএইচপি ম্যানুয়াল থেকে নেওয়া ।

লক্ষ্যনীয় বিষয়: এ্যারে এর ইনডেক্স বা কি শুধুমাত্র স্ট্রিং বা ইন্টিজার হবে । তবে ইনডেক্স এর ভ্যালু যে কোন টাইপের হতে পারে ।

আমরা চাইলে, ইনডেক্স এর ভ্যালু স্কিপ করতে পারতাম । সেক্ষেত্রে পিএইচপি নিজে থেকেই ইনডেক্স এর ভ্যালু হিসেবে ক্রমিক সংখ্যা ব্যবহার করতো ।

```php
<?php
$list = array('a', 'c', 3, 'wow', 5);
```

এখানে এই এ্যারের ইনডেক্সগুলো হবে - 0, 1, 2, 3, 4 - মনে রাখতে হবে, এই ইনডেক্স হলো জিরো বেইড, অর্থাৎ ইনডেক্স গননা শুরু হয় জিরো থেকে । প্রথম আইটেমের ইনডেক্স তাই জিরো হয়, যে কোন আইটেমের ইনডেক্স হয় তার নিউমেরিক্যাল পজিশন থেকে এক কম।

পিএইচপি 5.4 থেকে এ্যারে ডিফাইন করার জন্য শর্টহ্যান্ড ব্যবহার করা যায়:

```php
 <?php

 $array = [
    "foo" => "bar",
    "bar" => "foo",
];

$list = ['a', 'z', 2, 10];
```

এখানে আমরা `array` এর পরিবর্তে `[` এবং `]` এর মধ্যে কি-ভ্যালু ডিফাইন করি ।

পিএইচপির এ্যারে ডাটা টাইপটি একই সাথে এ্যারে, লিস্ট, ডিকশনারী, স্ট্যাক, কিউ, কালেকশান প্রভৃতির কাজ করতে পারে । এ্যারে নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে `মাস্টারিং এ্যারে` চ্যাপ্টারে ।

#### অবজেক্ট টাইপ

পিএইচপি ক্লাস থেকে `new` কিওয়ার্ড ব্যবহার করে অবজেক্ট ইন্সট্যান্স তৈরি করা যায় । অবজেক্ট সম্পর্কে আরো বিস্তারিত আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চ্যাপ্টারে দেখবো ।

#### নাল টাইপ

যখন কোন ভ্যারিয়েবলের কোন ভ্যালু থাকে না তখন সেটা নাল টাইপ এর হয় । এই টাইপের একমাত্র গ্রহনযোগ্য ভ্যালু হলো - `null` - যার মানে ঐ ভ্যারিয়েবল এর কোন ভ্যালু নেই ।

## টাইপ কনভার্শন

### অটোমেটিক কনভার্শন

পিএইচপিতে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় এর টাইপ নির্ধারণ করে দিতে পারি না । ভ্যারিয়েবল এর ভ্যালুর উপর নির্ভর করে পিএইচপি নিজে থেকেই ডাটা টাইপ নির্বাচন করে নেয় । যেমন `$var` এর ভ্যালু হিসেবে যদি আমরা `hello world` পাস করি, তাহলে `$var` হবে স্ট্রিং, পরবর্তীতে যদি `$var` এর ভ্যালু হিসেবে `23` হয় তবে সেটি হবে ইন্টিজার ।

পিএইচপি কনটেক্সট অনুযায়ী ভ্যারিয়েবল এর টাইপ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে নেয় । যেমন, আমরা যখন যোগ করি তখন যদি উভয় পাশই ডাবল ভ্যালু হয় তখন রেজাল্ট ও হবে ডাবল । কিন্তু যে কোন একটি যদি ডাবল না হয় তাহলে রেজাল্ট হবে ইন্টিজার ।

এসব ক্ষেত্রে মূল ভ্যারিয়েবল এর টাইপ পরিবর্তন হয় না কিন্তু ফলাফলের পরিবর্তন হয় । পিএইচপির এই অটোমেটিক টাইপ কনভার্শন এর ব্যাপারে খেয়াল রাখা জরুরী । নাহলে অনাকাঙ্ক্ষিত ফলাফল পাওয়া অসম্ভব কিছুই না ।

### ম্যানুয়াল টাইপ কনভার্শন

ম্যানুয়ালি টাইপ কনভার্ট করতে আমরা `settype()` ফাংশনটি ব্যবহার করি । এটি ঐ ভ্যারিয়েবল এর টাইপ এবং ভ্যালু দুটোই পরিবর্তন করতে পারে ।

```php
<?php
$age = 23;
$name = "masnun";

settype($age, "string");
settype($name, "integer");

var_dump($age); 
var_dump($name);
```


---

# Agent Instructions: Querying This Documentation

If you need additional information that is not directly available in this page, you can query the documentation dynamically by asking a question.

Perform an HTTP GET request on the current page URL with the `ask` query parameter:

```
GET https://php.howtocode.dev/variables-data-types.md?ask=<question>
```

The question should be specific, self-contained, and written in natural language.
The response will contain a direct answer to the question and relevant excerpts and sources from the documentation.

Use this mechanism when the answer is not explicitly present in the current page, you need clarification or additional context, or you want to retrieve related documentation sections.
